আবার ফিরছে শাহরুখ-দীপিকা জুটির রোম্যান্স। দীর্ঘ ৩ বছরের অপেক্ষায় অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছেন বলিউড বাদশা। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে বহুপ্রতীক্ষিত সিনেমা 'কিং'। আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছেন অনুরাগীরা। জানা যাচ্ছে, এই সিনেমার একটি গানের দৃশ্যের জন্য আরও একবার জুটি বাঁধছেন শাহরুখ-দীপিকা।
২০০৭ সালে ফারাহ খানের, 'ওম শান্তি ওম' সিনেমার মাধ্যমে বলিউড সফর শুরু হয়েছিল দীপিকার। প্রথম সিনেমাতেই স্বয়ং শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার সুযোগ! এ নেহাত স্বপ্নের চেয়ে কিছু কম ছিল না অভিনেত্রীর কাছে। তিনিও নিরাশ করেননি। নবাগতা হয়েও নিজের অভিনয়গুণে মন জয় করে নিয়েছিলেন দর্শকদের।
শুরু থেকেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় শাহরুখ-দীপিকা জুটি। তাই 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার', 'পাঠান' এবং 'জওয়ান' সিনেমার পর আরও একবার তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের নেতৃত্বে আগামী ২৬ অক্টোবর আসন্ন এই সিনেমার গানের শুটিং রয়েছে মুম্বইয়ে। এই মুহূর্তে তারই প্রস্তুতি চলছে জোরকদমে। জানা যাচ্ছে, এক সপ্তাহ ধরে চলতে পারে এই গানের শুটিং পর্ব।
সূত্রের খবর, প্রথমদিকে এই গানের শুটিং হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকায়। কিন্তু শেষ পর্যন্ত শুটিং হচ্ছে মুম্বইয়ে। জানা যাচ্ছে, শাহরুখ-দীপিকা ছাড়া 'কিং' সিনেমার এই গানে থাকবেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও। এখনও পর্যন্ত এই গানটির নাম, সুরকার কিংবা অন্য কোনও তথ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
https://youtu.be/TTaC77AoBTQ?si=_CHfoV_kxNqgLwzJ
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় এককথায় থাকছে 'চাঁদের হাট'। শাহরুখ-দীপিকা ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত এবং রাঘব জুয়েল-সহ আরও অনেকে। এখানেই শেষ নয়, এই সিনেমার হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান।
