আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ৬ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, প্রতিদিন দেশব্যাপী এসআরবির ২ হাজার ৪৫৭ জন সদস্য বিশেষ নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছেন। দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি বা নিরাপত্তার শঙ্কা নেই।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব বলেন তিনি।
এসআরবির ডিজি বলেন, দেশব্যাপী পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে এসআরবির ১৫টি ব্যাটালিয়নের মোট ৬ হাজারের অধিক সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। প্রতিদিন দেশব্যাপী এসআরবির ২ হাজার ৪৫৭ জন সদস্য বিশেষ নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছেন। গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কগুলোতে প্রতিদিন ৫৪৯টি পিকআপ টহল এবং ৪৪৭টি মোটরসাইকেল টহল চলমান রয়েছে।
বিজ্ঞাপন
দুর্গাপূজা ঘিরে এখনো পর্যন্ত নাশকতার কোনো হুমকি না থাকলেও, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, নাশকতা বা সন্দেহজনক অপতৎপরতা মোকাবিলায় এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ডিজি বলেন, মাঠপর্যায়ে টহলের পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির জন্য এসআরবি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। এছাড়া পূজামণ্ডপগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
উৎসবের পরিবেশকে অস্থিতিশীল করতে একটি চক্র প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানোর অপচেষ্টা চালায় জানিয়ে তিনি বলেন, এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া নজরদারি ও ফ্যাক্ট চেকিং কার্যক্রম পরিচালনা করছে। মণ্ডপগুলোতে আগত নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিং বা হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আহসান হাবীব পলাশ বলেন, বিজয়া দশমীর দিন প্রতিমা পরিবহন ও বিসর্জনের সুনির্দিষ্ট রুটে বিশেষ টহল থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন হওয়া পর্যন্ত এসআরবির সদস্যরা বিসর্জন স্থলে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। দেশের প্রতিটি নাগরিক যেন পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও শান্তির সঙ্গে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তার জন্য এসআরবি ফোর্সেস সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
পূজামণ্ডপকেন্দ্রিক কোনো ধরনের নাশকতার আগাম তথ্য রয়েছে কি না এবং কোনো পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ বলে মনে হয়নি। আমরা কোনো ধরনের হুমকি অনুভব করছি না।
কেআর/এমকেআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
