জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন এই সংগীতশিল্পী। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। নিজের ব্যক্তিগত কার্যালয় বা স্টুডিওতে অবস্থান করছিলেন তিনি।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও গুলিতে গাড়ির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় এসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ওই অটোরিকশায় করেই মালিবাগের দিকে পালিয়ে যান তিনি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি।
হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানারও চেষ্টা চলছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তদন্তে কাজ করছে।
