কপালের লিখন মেনে নিলেন পরীমনি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম
ছবি: সংগৃহীত
-->জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন এই নায়িকা।
বিষয়টি নিয়ে সরব হয়েছেন পরীমনি। এর আগে একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন তিনি। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর একটি স্ট্যাটাসও দিয়েছিলেন ফেসবুকে।
এবার আপত্তিকর ভিডিও নিয়ে সরাসরি গণমাধ্যমের সামনে কথা বলেছেন পরীমনি। সোমবার (১৯ অক্টোবর) একটি শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন পরী। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জীবনে বারবার নানা ঝামেলা তৈরি হওয়া প্রসঙ্গেও কথা বলেন তিনি।
পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি। আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’
পরীমনি আরও বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন চার দিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে নিয়ে সোচ্চার হওয়া জরুরি।’
আরও পড়ুন
শাহরুখ-টম হ্যাংকসদের পাশে জায়গা পেলেন শাকিব খান
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম
ছবি: সংগৃহীত
-->হলিউডের টম হ্যাংকস, বলিউডের শাহরুখ খান, চীনের জ্যাকি চ্যান কিংবা হংকংয়ের কিংবদন্তি ব্রুস লি। বিশ্ব চলচ্চিত্রের পরিচিত এসব মুখের সঙ্গে একই তালিকায় এবার বাংলাদেশের শাকিব খান। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকাদের নিয়ে প্রকাশিত একটি তালিকায় তার নাম আসায় নতুন করে আলোচনায় বাংলাদেশের সিনেমা ও তারকাদের আন্তর্জাতিক পরিচিতি।
তালিকাটি প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম ওয়ার্তা ইকোনোমি। এতে ৫০টি দেশের চলচ্চিত্র তারকাদের নাম রয়েছে। তালিকার শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা টম হ্যাংকস। দ্বিতীয় স্থানে বলিউড বাদশাহ শাহরুখ খান। তাদের পাশাপাশি রয়েছেন চীনের অ্যাকশন তারকা জ্যাকি চ্যান, হংকংয়ের ব্রুস লি, পাকিস্তানের ফাওয়াদ খান ও তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক ওজচিভিত। এই তারকাদের সঙ্গে একই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের শাকিব খান। ঢালিউডের এই মেগাস্টারের অবস্থান ২৫ নম্বরে।
প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকাদের জনপ্রিয়তা ও তারকাখ্যাতি বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। তবে এই মূল্যায়নের বিস্তারিত পদ্ধতি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে তালিকার অবস্থান দিয়ে তারকাদের জনপ্রিয়তার চূড়ান্ত বিচার করা কঠিন। তবু আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই তালিকায় শাকিবের নাম থাকা বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য আগ্রহের খবর।
ঢালিউডে শাকিব খানের পথচলা আড়াই দশকেরও বেশি সময়ের। দীর্ঘ এই যাত্রায় কখনো রোমান্টিক নায়ক, কখনো অ্যাকশন হিরো হয়ে পর্দায় হাজির হয়েছেন তিনি। বাণিজ্যিক সিনেমার দর্শকদের কাছে তৈরি করেছেন আলাদা পরিচিতি। সময়ের সঙ্গে বদলেছে সিনেমার ধরন, বদলেছে দর্শকের রুচি। সেই পরিবর্তনের মধ্যেও দেশের শীর্ষ নায়কদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন শাকিব।
ঈদে তার সিনেমা মুক্তি পাওয়া মানেই দর্শকের মধ্যে বাড়তি কৌতূহল। নতুন সিনেমার ঘোষণা থেকে শুরু করে মুক্তির তারিখ, নানা বিষয় নিয়েই ভক্তদের আগ্রহ থাকে। এবারও সামনে রয়েছে নতুন সিনেমার আয়োজন। আসন্ন রোজার ঈদে মুক্তির কথা রয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘নিঃস্ব’। হিমেল আশরাফের পরিচালনায় কোরবানির ঈদে আসার কথা ‘মহব্বত’ । এ ছাড়াও সাকিব ফাহাদ-এর পরিচালনায় শুটিং ও মুক্তি নিয়ে আলোচনায় রয়েছে ‘সোলজার’।
আরও পড়ুন
সিনেমার বাইরে কী করছেন শবনম
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
-->বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা শবনম। অভিনয়ে নেই বহুদিন। বর্তমানে বাসাতেই নিজের মতো সময় কাটাচ্ছেন তিনি। কেমন করে সময় কাটছে বিগত কয়েক দশক?– এমন প্রশ্ন করতেই শবনম জানান, নিয়মিত টিভি দেখে, পত্রিকা পড়ে, ফেসবুক স্ক্রল করে, মাঝে মাঝে বিভিন্ন দাওয়াতে অংশগ্রহণ করে, কখনো কখনো দেশের বাইরে গিয়ে নিজের মতো করে সময় কাটে তার। তবে শবনম জানান, তার স্বামী প্রখ্যাত রবিন ঘোষ মারা যাওয়ার পর তিনি আরও অনেক বেশি গৃহবন্দি হয়ে গেছেন। মন চাইলেও তেমন কোথাও যেতে চান না তিনি। শবনম জানান, পরম সৌভাগ্য যে তার একমাত্র সন্তান তার ছেলে তার সঙ্গেই আছেন।
শবনম বলেন, ‘আমার একমাত্র সন্তান রনির আজ জন্মদিন। একজন মা হিসেবে রনিকে নিয়ে গর্বিত। এখন আসলে সময়টা বদলে গেছে। দেশে বিশেষত মা-বাবার সন্তানদের নিয়ে নানান ধরনের খবর দেখি, সেদিক বিবেচনায় আমার রনি সোনার টুকরা ছেলে। আমাকে একটুও কষ্ট করতে দেয় না। মা বলতে সে পাগল। আজ সেই আমার আদরের ছেলেটির জন্মদিন। সবাই তার জন্য দোয়া করবেন। আর সত্যি বলতে কী, ছেলের সঙ্গেই সময় কাটে আমার। মাঝে মাঝে টিভিতে সিনেমা দেখি, খবর দেখি, ফেসবুকে নানান খবরাখবর পাই। দেশ-বিদেশ সম্পর্কে কিছুটা অবগত থাকি।
তবে হয়তো এই জীবনে আর সিনেমা করা হবে না। কারণ শরীর এখন আর আগের মতো ভালো নেই। কোনো না কোনো অসুখ লেগেই আছে।’ শবনম অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’। এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারিও হয়েছে। তবে এখনো অনুষ্ঠান হওয়ার কোনো খবর নেই।
আরও পড়ুন
নান্দনিকের ৪৯ বছর পূর্তি উৎসব, মঞ্চে নাটক ও সিনেমার আয়োজন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম
ছবি: সংগৃহীত
-->১৬ অক্টোবর ১৯৭৭ সালে প্রতিষ্ঠা হয় নাট্যদল নান্দনিক নাট্যসম্প্রদায়। এ বছর নান্দনিক নাট্যসম্প্রদায় ৪৯ বছর পূর্ণ করছে। এ উপলক্ষে আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০২৬, দুই দিনব্যাপী ‘৪৯ বছর পূর্তি উৎসব’-এর আয়োজন করতে যাচ্ছে দলটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
উৎসব প্রসঙ্গে নান্দনিক সভাপতি আ মা ম হাসানুজ্জামান বলেন, ‘নাটকের মাধ্যমে সমাজজীবনের সব জটিলতাকে ছিন্ন করে সুস্থ ও সৎ নাট্যচর্চার ক্ষেত্র সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমাদের এই ৪৯ বছর পূর্তি উৎসব-মুহূর্তে অভিনন্দন জানাচ্ছি দর্শক ও শুভানুধ্যায়ীদের। তাদের অকুণ্ঠ সহযোগিতা আমাদের প্রযোজনাসমূহকে মঞ্চে নিয়ে আসতে সাহায্য করেছে।’
নান্দনিক নাট্যসম্প্রদায়ের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বলেন, ‘নান্দনিক বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম ঐতিহ্যবাহী একটি সংগঠন। নানা চড়াই-উতরাই পেরিয়ে আমরা ৪৯ বছরের এই দীর্ঘ পথ অতিক্রম করেছি। নান্দনিক চেতনা জাগ্রত হোক, তোমার-আমার সবার প্রাণে– এই প্রতিপাদ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রার অংশীদার হতে চাই।’
২২ অক্টোবর বিকেল ৫টা ৩০ উদ্বোধনী অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টা ৩০ প্রদর্শিত হবে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত মঞ্চনাটক ‘নৃপতি’। ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় ‘নৃপতি’ এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।
আরও পড়ুন
বিশ্বমঞ্চে ইতিহাস গড়ল বাংলাদেশি সিনেমা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: সংগৃহীত
-->স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। আবারও নতুন রেকর্ড গড়ল সিনেমাটি। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী উৎসব’-এ নির্বাচিত হয়েছে ‘নিশি’। এর মাধ্যমে প্রথমবারের মতো এই উৎসবে নির্বাচিত হয়েছে কোনো বাংলাদেশি চলচ্চিত্র!
প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, বিশ্বের সর্বপ্রথম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান রাশিয়ার বিখ্যাত ‘গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি’ আয়োজিত এই ঐতিহাসিক উৎসবের ৪৬তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালিত চলচ্চিত্রটি।
গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।
এ সম্পর্কে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘বাংলা সিনেমার ইতিহাসে নিশি একের পর এক রেকর্ড গড়ছে, সত্যিই এটা আনন্দের খবর। এই অর্জন শুধু আমাকে নয়, আমাদের ফিল্ম ইতিহাসকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করবে।’
আগামী ১৬ থেকে ২০ নভেম্বর এই উৎসব রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত ‘নিশি’র গল্পে দেখা যায়, এক চা-শ্রমিকের কন্যাসন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যায় পানি সংকটের কারণে। বাড়িতে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। এভাবেই এগোতে থাকে গল্প।
সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণে ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও আশপাশে ছবিটির শুটিং হয়েছে।
এর আগে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জিতেছিল ছবিটি। গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও পুরস্কার জেতে ‘নিশি’।
