চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বেপরোয়া গতির বাসের ধাক্কায় আহমদ ছফা (৬৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বরুমতি সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ পৌর এলাকার তালুকদার পাড়ার মৃত কবির আহমদের ছেলে। জানা যায়, মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাস অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, পুলিশ পৌঁছানোর আগেই চালক বাস নিয়ে সটকে পড়েন। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।