সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেছেন, আওয়ামী লীগ এমন একটি পরিবেশ সৃষ্টি করে গিয়েছিল, যেখানে সমাজের ভালো মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থার অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার।
তিনি বলেন, ‘নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ও উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে অনুধাবন করা যায়, আগামী নির্বাচনগুলো অবশ্যই সুষ্ঠু হবে।’
স্পিকার আরও বলেন, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া প্রয়োজন। স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ থাকে।
অতীতের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। তবে বর্তমান নির্বাচন কমিশনের ওপর তাঁর আস্থা রয়েছে। তাঁর মতে, ইতিমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে।
অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, ‘আশা করি, এ অবস্থার অবসান হবে। বর্তমান সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু নেয়নি।’
এর আগে বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজ সংসদীয় আসনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘সমাজের নিকৃষ্ট যে লোকটা সেটাই এমপি-মন্ত্রী হয়।’ আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ভিত্তিতেই তিনি এমন মন্তব্য করেছেন বলেও উল্লেখ করেন।
ভোলার প্রাকৃতিক গ্যাস নিয়ে স্পিকার বলেন, দ্বীপজেলা ভোলা প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। আপাতদৃষ্টিতে দেশের মোট গ্যাসের মজুতের সমপরিমাণ গ্যাসের সন্ধান ইতিমধ্যে ভোলায় পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর আশা, সেখানে আরও বিপুল গ্যাসের মজুত রয়েছে।
তিনি বলেন, ভোলার গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে সরকার বিদেশে যোগাযোগ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় সুযোগ ভোলায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার।’
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত : স্পিকার appeared first on ভোরের চেতনা.
