ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরে নিজেদের পথটা কঠিন করে ফেলে বাংলাদেশ। সেই জিম্বাবুয়ে পরের ম্যাচে আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হারে। ফলে ফাইনালে খেলতে পড়ে তিন দলকেই সমীকরণ মেলাতে হচ্ছে। আফগান ম্যাচে বাংলাদেশের কেবল জয়ই যথেষ্ট নয়, নির্দিষ্ট ব্যবধানও রাখতে হবে।
দুবাইয়ের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ফলে এখন রানের সমীকরণেই চোখ থাকবে হৃদয়-শান্তদের। আগে ব্যাট করায় তুলনামূলক সহজ সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৪১ রানের।
পরে ব্যাট করলে বাংলাদেশের জন্য হিসাবটা আরও জটিল হতো। আফগানিস্তান ৩০০ রান করলে সেটি পেরোতে হতো ৪২.২ ওভারের মধ্যে। রানের হিসাবের সঙ্গে সমীকরণে কিছুটা পরিবর্তন এলেও তা টাইগারদের চ্যালেঞ্জ বাড়িয়ে দিতো। এখন আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ যতটা সম্ভব নিজেদের সংগ্রহটা বড় রাখতে চাইবে।
ফাইনালে ওঠার এই লড়াইয়ে বাংলাদেশ তিনটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে। দলে ঢুকেছেন পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ ও আলিস আল ইসলাম। ফলে আগের ম্যাচের দল থেকে রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান একাদশ থেকে বাদ পড়েছেন।
বাংলাদেশ ও আফগানিস্তান ওয়ানডেতে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। উভয় দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সর্বশেষ ছয় লড়াইয়ের পাঁচটিতেই জয় পেয়েছে আফগানিস্তান। এই পাঁচটি জয়ই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে।
এএইচএস
