ক্যান্সারের চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে ১৩৭টি জীবনরক্ষাকারী ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নতুন এই সিদ্ধান্তের ফলে ওষুধগুলোর খুচরা মূল্য সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। আগামী ৯ নভেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে এই হ্রাসকৃত নতুন মূল্য তালিকা।
ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। নতুন নীতি অনুযায়ী, পাইকারি ও খুচরা বিক্রেতারা এসব ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) ওপর ৩০ শতাংশের বেশি মুনাফা বা ট্রেড মার্জিন রাখতে পারবেন না।
মূল্য নিয়ন্ত্রণের এই তালিকায় ২০টিরও বেশি প্রকারের জটিল ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত আধুনিক ইমিউনোথেরাপির ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে। তা ছাড়া স্তন, প্রোস্টেট, কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যান্সারের চিকিৎসায় বহুল ব্যবহৃত জরুরি ওষুধগুলোকেও এই মূল্য হ্রাসের আওতায় আনা হয়েছে।
এর আগে ২০১৯ সালে ৪২টি ক্যান্সারের ওষুধের ট্রেড মার্জিন বেঁধে দিয়েছিল দেশটির সরকার, যার ফলে ওষুধগুলোর দাম সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত কমেছিল। আগের সেই পদক্ষেপের সফল ধারাবাহিকতায় এবার আরও বর্ধিত পরিসরে ১৩৭টি ওষুধকে যুক্ত করা হলো। অন্যায্য মুনাফা রোধ করে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
জেএইচআর
