শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটি পাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সাপ্তাহিক ছুটি ও পূজার নির্ধারিত ছুটি মিলিয়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি পেতে পারেন। কলেজগুলোতে এ ছুটি আরো বেশি।
২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি। এছাড়া ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের অবকাশ মিলছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে আগে ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ রয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিনের ছুটি নির্ধারিত হয়েছে।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের পূজার ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচদিনের অবকাশ পাবেন তারা।
তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির সময়সূচি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।
