Published on
:
1 min read
এই সময়, দুর্গাপুর: বিশ্বকাপ কিক বক্সিংয়ে ভারতের হয়ে একটি সোনা, একটি রুপো ও দু’টি ব্রোঞ্জ পদক জিতেছে দুর্গাপুরের ছোট্ট মেয়ে আরাধ্যা ধীবর। উজ়বেকিস্তানে আয়োজিত বিশ্ব কিক বক্সিং প্রতিযোগিতায় ছ’টি ইভেন্টে অংশ নিয়ে চারটি পদক জিতেছে আরাধ্যা। ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। তা শেষ হবে ১৮ অক্টোবর।
বৃহস্পতিবার ও শুক্রবার, এই দু’দিনে আরাধ্যার ছ’টি ইভেন্ট ছিল। তার মধ্যে ফাইট ও ফর্মস, এই দু’টি ইভেন্ট থেকে চারটি পদক ছিনিয়ে নেয় আরাধ্যা। ফাইট বিভাগে উজ়বেক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পদক নিশ্চিত করে আরাধ্যা। ফর্মস বিভাগে আরাধ্যা হারিয়েছে উজ়বেকিস্তান ও তাজ়াকস্তানের প্রতিদ্বন্দ্বীকে। চতুর্থ শ্রেণিরর ছাত্রী আরাধ্যা এর আগে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাধিক পদক জিতেছে। গত বছর থাইল্যান্ডে বিশ্বকাপ কিক বক্সিং প্রতিযোগিতা থেকে দু’টি সোনা জিতেছিল আরাধ্যা। তবে এ বার আর্থিক অসঙ্গতির জন্য উজ়বেকিস্তানে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। বিভিন্ন সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
আরাধ্যার এই সাফল্য খুশি পরিবারের লোকেরা। বাবা চিরঞ্জিৎ ধীবর বললেন, ‘আর্থিক প্রতিকূলতা অতিক্রম করেই মেয়েকে উজ়বেকিস্তানে পাঠিয়েছিলাম। আরাধ্যা দেশের হয়ে চারটি পদক জিতেছে। এই সাফল্যে আমরা গর্বিত।’ উজ়বেকিস্তান থেকে দিল্লি হয়ে নবমীর সকালে দুর্গাপুরে ফিরবে আরাধ্যা।
