কালবেলা · general
২ জন মিলে নামাজের জামাত করলে মুক্তাদি কোথায় দাঁড়াবেন?
২০/১০/২০২৬

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে ইমাম ও মুক্তাদির দাঁড়ানোর নির্দিষ্ট বিধান রয়েছে। তবে ইমাম ও মুক্তাদি মাত্র দুজন হলে মুক্তাদি ঠিক কোথায় দাঁড়াবেন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইমামের ডান পাশে একেবারে বরাবর দাঁড়াবেন, নাকি কিছুটা পেছনে থাকবেন?
এ বিষয়ে ফকিহদের মতামত ও আমলের পদ্ধতি ব্যাখ্যা করেছে ঢাকা থেকে প্রকাশিত ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসার।
পত্রিকাটির এক বিশ্লেষণে বলা হয়েছে, দুজন মিলে জামাতে নামাজ আদায় করলে মুক্তাদির দাঁড়ানোর অবস্থান নিয়ে ফকিহদের মধ্যে দুটি বক্তব্য রয়েছে। কোনো কোনো ফকিহের মতে, মুক্তাদি ইমামের ডান পাশে ঠিক বরাবর দাঁড়াবেন। অর্থাৎ, মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের পায়ের গোড়ালি বরাবর থাকবে।
অন্যদিকে, কোনো কোনো ফকিহের মতে, মুক্তাদি ইমামের ঠিক বরাবর না দাঁড়িয়ে এমনভাবে দাঁড়াবেন, যাতে তার পায়ের আঙুলের অগ্রভাগ ইমামের পায়ের গোড়ালি বরাবর থাকে। অর্থাৎ, মুক্তাদি ইমামের তুলনায় কিছুটা পেছনে থাকবেন।
বিশ্লেষণে বলা হয়েছে, এ বিধান শুধু সাধারণ মানুষের জন্য নয়; বরং সাধারণ মানুষসহ সবার ক্ষেত্রেই একই মাসআলা প্রযোজ্য।
মূলত এ বিষয়ে ফকিহদের দুটি বক্তব্য রয়েছে। এ দুই বক্তব্যের যে কোনোটি অনুযায়ী আমল করা যেতে পারে। তবে মুক্তাদি ইমামের আগে বেড়ে গেলে তার নামাজ নষ্ট হয়ে যায়। তাই মুক্তাদির ইমামের আগে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে ইমামের ঠিক বরাবর না দাঁড়িয়ে দ্বিতীয় মত অনুযায়ী কিছুটা পেছনে দাঁড়ানোই নিরাপদ।
এ বিষয়ে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, আলমাবসূত (সারাখসি, ১/৪৩), আলমুহিতুল বুরহানি (২/২০১), আলবাহরুর রায়েক (১/৩৫২), ফাতাওয়া হিন্দিয়া (১/৮৮–১০৩) ও ইলাউস সুনান (৪/২৪৬)।
মূল প্রতিবেদনে যান ↗