বগুড়ার শেরপুরে ঢাকা-রংপুর মহাসড়কে দ্রুতগতির একটি ব্যক্তিগত জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে সজোরে ধাক্কা লেগে মো. গোলাম রব্বানী (৩৩) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পুলিশ সদর দপ্তরে উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের ছোনকা ওভারপাস সেতুর মুখে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাড়ি থেকে ছুটি কাটিয়ে নিজ কর্মস্থল ঢাকায় ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। তাকে বহনকারী ব্যক্তিগত জিপ গাড়িটি ছোনকা ওভারপাস সেতুর সংযোগস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাহনটি সজোরে সড়কের আইল্যান্ডে আছড়ে পড়লে এর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির পেছনের আসনে বসে থাকা গোলাম রব্বানী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং সঙ্গে থাকা অন্য আরোহীরা আহত হন।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। তবে কৌশলে গাড়ির চালক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের কাছে থাকা দাপ্তরিক পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় সুনিশ্চিত করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেকারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেয়, ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকে। নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জেএইচআর
