জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসংবলিত কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারকালে মূর্তি উদ্ধার ও তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার কুসুম্বা ধুরইল গ্রামের মৃত জগা মাহাতর ছেলে সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে সুজন রায় (৩৪)।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে উপজেলার ধুরইলে যৌথ অভিযান চালিয়ে মূর্তিসহ পাচারকারীদের আটক করে। উদ্ধারকৃত কষ্টি পাথরের মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৮৯ লক্ষ ১০ হাজার টাকা।
উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসংবলিত কষ্টি পাথরের মূর্তিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।