বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) অনলাইন অ্যাক্টিভিস্ট ও ‘জবান ডটকম’-এর সম্পাদক রেজাউল করিম রনির নেমপ্লেটসহ অফিস থাকা নিয়ে নানা আলোচনা চলছে। তবে সেখানে এমন অফিস থাকা ‘বেসম্ভব’ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম।
মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে খোরশেদ আলম এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিটিভিতে রেজাউল করিম রনির নেমপ্লেটে একখানা অফিস থাকা বেসম্ভব নয়!’
বিজ্ঞাপন
ঢাবির এই শিক্ষক লেখেন, ‘কিছুদিন আগে সংবাদপত্র বিশ্লেষণের ওপর বিটিভির একটা টকশোতে আমন্ত্রণ পেয়ে শুরুতে রাজি হলাম। কিন্তু যখন শুনলাম সহ-আলোচক রনি তখন বেঁকে বসলাম। কারণ, রনির সাথে বসতে আমার অস্বস্তি আছে! আয়োজককে বললাম রনি থাকলে আমি যাবো না। তারা শেষ পর্যন্ত রনিকে রেখে, আমাকে বাদ দিলেন! কেবল বাদই দিলেন না, রনির একক প্রদর্শনীর ব্যবস্থা করলেন! সংবাদপত্র বিশ্লেষণধর্মী একটা প্রোগ্রামে সাংবাদিকতা বিভাগের শিক্ষকের চাইতে ভূঁইফোড়-নামসর্বস্ব ‘জবান’ পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনিকে রাখা বিটিভির কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো! জবান নামক পত্রিকাটির কোনো সংখ্যা বা স্টোরি আমি দেখিনি! আপনারা দেখে থাকলে জানাবেন।’
হালের রেজাউল করিম রনি একসময় আর কে রনি নামে পরিচিত ছিলেন জানিয়ে খোরশেদ আলম বলেন, ‘২০১০/১১-এর দিকে (সালটা ভুলও হতে পারে) রনি এসে হাতেপায়ে ধরলো! ঢাবিতে বি ইউনিটে তার সিরিয়াল ৩৬০০-এর দিকে। আমি যেন একটা সাবজেক্টে তাকে ভর্তির ব্যবস্থা করি। ওর কাকুতি-মিনতিতে শেষ পর্যন্ত আমি তখনকার নাট্যকলা বিভাগের (বর্তমানে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ) শিক্ষক তিতাস জিয়াকে ফোন করে জানতে চাই যে নাট্যকলায় ভর্তির বিশেষ কোনো পরীক্ষা পদ্ধতি আছে কি না যে প্রক্রিয়ায় রনি আরেকটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে পারে।’
বিজ্ঞাপন
‘শেষ পর্যন্ত রনি কোথায় ভর্তি হয়েছে সে হদিস আমার অজানা! সলিমুল্লাহ খান-ফরহাদ মজহার কিছু জানে না, কিছু পড়ে না, বইয়ের ফ্ল্যাপ দেখে দেখে কথা বলে, রনির এমনতর সরবতায় বহুদিন পর ঘুম ভাঙলে দেখি বিটিভিতে তার নেমপ্লেট নিয়ে হইচই,’ পোস্টে যোগ করেন খোরশেদ আলম।
শেষে তিনি ব্যঙ্গাত্মকভাবে লেখেন, ‘তো, বিটিভি রনিকে জামাই-আদর করলে আপনাদের কী জ্বলে?’
সম্প্রতি রনির নামে একটি নেমপ্লেটের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়, এই নেমপ্লেট বিটিভির একটি কক্ষের এবং সেখানে রনি বসেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে রনি দ্য ডিসেন্টের কাছে জানিয়েছেন, ছবিটি তার অফিসের এবং একই সঙ্গে বলেছেন, বিটিভিতে তার কোনো অফিস নেই। তবে ছবিটি তার কোন অফিসের সেটি তিনি স্পষ্ট করেননি।
যদিও দ্য ডিসেন্ট তাদের প্রতিবেদনে জানায়, ভাইরাল হওয়া ছবিটি বিটিভি ভবনে তোলা এবং সেখানে রনি বসেন।
একিউএফ/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
