সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার লিটন হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গরু চুরির ঘটনায় ১৯টি মামলা রয়েছে। তিনি ওই মহল্লার মৃত তছের আলীর ছেলে।
তাড়াশ থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, লিটন সংঘবদ্ধ গরু চোর চক্রের অন্যতম সদস্য। তিনি এ অঞ্চলের বিভিন্ন গ্রামের কৃষকদের গরু চুরির ঘটনায় জড়িত। তার বিরুদ্ধে গরু চুরির ঘটনায় এ পর্যন্ত থানায় ১৯টি মামলা রয়েছে।
ওসি আরও জানান, লিটনকে গ্রেফতারে পুলিশের বিশেষ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার তত্ত্বাবধানে রোববার রাতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে সোমবার ভোরে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়।
লিটনকে গ্রেফতারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ১৯ মামলার আসামি এই গরু চোরকে গ্রেফতার করায় পুলিশের প্রশংসা করেছেন স্থানীয়রা।
