বান্দরবান,১৭ অক্টোবর-শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে স্থাপন করা হয়েছে ছয়টি বেইজ ক্যাম্প। এ ছাড়া টহলের সময় বডি-অন ক্যামেরা ব্যবহারের পাশাপাশি বিজিবির ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য বিজিবি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা এবং স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
বান্দরবান সেক্টর সদর দপ্তর এবং এর অধীন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি), বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) ও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় মোট নয়টি পূজামণ্ডপের নিরাপত্তায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। এ সময় গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত থাকবেন।
এ ছাড়া কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এস এম/ ১৭ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবান সেক্টরে ১২ প্লাটুন বিজিবি, বসানো হয়েছে ৬ বেইজ ক্যাম্প first appeared on DesheBideshe.