ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্য নিয়ে মন্তব্য করতে গিয়ে বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত ও জনপ্রিয় মুসলিম নাম ‘মোহাম্মদ’ নিয়ে তীব্র ব্যঙ্গাত্মক কটূক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে আয়োজিত এক নির্বাচনী প্রচারণায় তিনি এই কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ডালটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে অনুষ্ঠিত ওই জনসভায় ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কারো নাম জানা না থাকলে কেবল ‘মোহাম্মদ’ বললেই কাজ চলে যায়। শতকরা ৬৫ ভাগ ক্ষেত্রে এই নাম ধরে ডাকলে কোনো ভুল হয় না বলেও রসিকতা করেন তিনি।
একই বক্তব্যে ইরানের প্রসঙ্গ টেনে ট্রাম্প ব্যঙ্গ করে বলেন, ইরান এমন এক দেশ যেখানে নাকি কেউ প্রেসিডেন্ট হতে চায় না। উল্লেখ্য, ২০২৪ সাল থেকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডোনাল্ড ট্রাম্পের এমন আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্যের পর বিশ্বজুড়ে এবং যুক্তরাষ্ট্রে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। আমেরিকান মানবাধিকার সংস্থা ও মুসলিম অধিকার রক্ষাকারী দলগুলো ট্রাম্পের এই ক্রমাগত অসম্মানজনক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম অধিকার সংস্থা 'কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস' (কেয়ার) তাদের এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী ও আপত্তিকর কথাবার্তার কারণেই যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া ও মুসলিমবিদ্বেষ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
