প্রকাশিত: ১৯:১৭, ১৮ অক্টোবর ২০২৬ আপডেট: ১৯:২২, ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোণা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নেত্রকোণার মোহনগঞ্জে ঘটনাস্থলে পুলিশ
নেত্রকোণার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার মাইলোড়া রামকৃষ্ণ মন্দিরের পূর্ব পাশে পুকুরঘাটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুজনকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে মাইলোড়া রামকৃষ্ণ মন্দিরের প্রায় ১০০ মিটার পূর্বে একটি পুকুরে হাত-মুখ ধুতে যান সুজন। পরে পুকুরঘাট থেকে পাকা সড়কে ওঠার সময় মোটরসাইকেলে করে মাস্ক পরা দুই ব্যক্তি সেখানে আসে। তাদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করা হয়। পরে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।
এরপর স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মোহনগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক ক্লান্তি জানান, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় সুজন হাসপাতালে আসেন। তার অবস্থা বিবেচনায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সুজন পাল নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জের মনোরমা মিষ্টান্ন ভাণ্ডারে কাজ করেন। স্ত্রী টুম্পা পালকে নিয়ে মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, গুলিতে একজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কী কারণে সুজনকে গুলি করা হয়েছে এবং হামলাকারীরা কারা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলছে।
