কক্সবাজারে তাজমিনের কথিত প্রেমিক রাজু আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রাজুকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (১১ অক্টোবর) কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কক্সবাজার সদর থানায় নেওয়া হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী রাজুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের মাধ্যমে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। তবে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল জানা যায়নি।
এর আগে রোববার সন্ধ্যায় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাজমিনের সঙ্গে তার শেষ যোগাযোগের বিষয়ে বিভিন্ন তথ্য জানান রাজু।
রাজুর দাবি, রাতে তাজমিন কুমিল্লা শহরে তাদের বাসায় গিয়ে প্রধান ফটক বন্ধ দেখতে পায়। পরে মা-বাবাকে ফোন করেও সাড়া না পেয়ে বিষয়টি তাকে জানায়।
তার ভাষ্য অনুযায়ী, বাসায় প্রবেশ করতে না পেরে তাজমিন এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানালে তিনি তাজমিনকে ভিডিও কল করেন। ওই সময় তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় দেখতে পান বলে দাবি করেন রাজু। পরে এ ঘটনা নিয়ে তিনি তাজমিনকে বকাঝকা করেন বলেও জানান।
তবে রাজুর দেওয়া এসব বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

