গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে সীমা রাণী দাস (৩৫) নামে এক নারীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী উদ্বভ দাসের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সীমা রাণী দাসের স্বামী উদ্বভ দাসের বসতঘরে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উদ্বভ দাস প্রথমে লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, “এ ঘটনায় নিহত নারীর স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
