মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারEiSamay.com
Published on
:
1 min read
এই সময়, নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর সতীর্থ দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর মতপার্থক্যের খবর নতুন নয়৷ জ্ঞানেশের কর্মবণ্টন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই নির্বাচন কমিশনার যে ক্যাবিনেট সচিবকে চিঠি লিখেছিলেন সেই তথ্যও সামনে এসেছে৷ তথ্যের অধিকার আইনের (আরটিআই) আওতায় করা আবেদনের উত্তরে এ বার জানানো হয়েছে, দুই নির্বাচন কমিশনারের চিঠি পেলেও নিজে কোনও পদক্ষেপ করেননি ক্যাবিনেট সচিব৷
তিনি চিঠিটি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছেই পাঠিয়ে দিয়েছিলেন৷ একই সঙ্গে চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে কর্মিবর্গ দপ্তর বা ডিপার্টমেন্ট অফ পার্সোনেল ট্রেনিংয়ের (ডিওপিটি) কাছেও৷ আরও জানা গিয়েছে, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী তাঁদের লেখা চিঠিতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মণীশ গর্গের তথাকথিত অসদাচরণ নিয়েও প্রতিবাদ জানিয়েছিলেন৷
আরটিআইয়ের উত্তরে বলা হয়েছে, ৩ অগস্ট ক্যাবিনেট সচিবালয় থেকে চিঠিগুলির বিষয়ে জ্ঞানেশ কুমারের মতামত চাওয়া হয়েছিল। ৪ অগস্টের আর একটি নথিতে উল্লেখ করা হয়, কমিশনারদের পাঠানো চিঠিগুলো তাঁদের ব্যক্তিগত অবস্থানের প্রেক্ষিতে দেওয়া হয়েছে। এগুলি ভারতের নির্বাচন কমিশনের তরফে প্রদত্ত কোনও ‘আনুষ্ঠানিক বার্তা’ নয়৷
ওই দুই কমিশনারের চিঠির পরিপ্রেক্ষিতে শুধু প্রাপ্তিস্বীকার করেছিল ক্যাবিনেট সচিবালয়৷ ৫ অগস্ট এই প্রাপ্তিস্বীকার পত্রের অনুলিপি ডিওপিটি–র সচিব, এস্টাবলিশমেন্ট অফিসার এবং মুখ্য নির্বাচন কমিশনারের প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারিকে পাঠানো হয়েছিল।
