শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী প্রথমে রংপুর এবং পরে রাজশাহী ও চট্টগ্রামে যাবেন। তিনি পূজারিদের শুভেচ্ছা জানাবেন এবং তাঁদের সঙ্গে কুশলবিনিময় করবেন। চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফিরবেন তিনি। অতিরিক্ত প্রেস সচিব জানান, বাংলাদেশের কোনো সরকারপ্রধানের ঢাকার বাইরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের ঘটনা এবারই প্রথম।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিন জেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। সে সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।
আজ দুর্গাপূজার মহানবমী। পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
চট্টগ্রাম
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগরীর বিভিন্ন স্থানে জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। থাকছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকছে।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর র্যাডিসন ব্লুতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, ‘দুর্গোৎসব উপলক্ষ্যে দেশের কোনো প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এবারই প্রথম। আমাদের মাঝে আনন্দের বন্যা বইছে। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত।’
রাজশাহী
রাজশাহীতে প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। দুপুরে তিনি ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে বিকেল ৩টায় মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
সফর ঘিরে নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে দিনরাত সড়ক সংস্কার ও সড়ক বিভাজকে রং করার কাজ চলছে। শহরের সৌন্দর্যবর্ধনের কাজও হচ্ছে।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর এই জনসভা ঐতিহাসিক হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি দাবি জানানো হবে। এর মধ্যে রয়েছে রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী-কলকাতা, রাজশাহী-ঢাকা ও রাজশাহী-চট্টগ্রাম রুটে সরাসরি তিনটি ট্রেন চালু করা এবং রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করা।
রংপুর
প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুর নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে রংপুর ধর্মসভা মন্দির। জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, সফরের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর গাড়িবহর নির্বিঘ্ন করতে নজরদারি বাড়িয়েছে সিটি করপোরেশন। প্রধানমন্ত্রী রাধা গোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
বিআলো/শিলি