দিনের শুরুতেই দু’বার জীবন পেয়েছিলেন লিটন দাস। সেটির সঠিক ব্যবহারটাই করলেন তিনি। আফগানদের পোড়ালেন ক্যাচ ফেলে দেওয়ার আফসোসে। আর লিটন স্পর্শ করলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।তবে এরপর আর বেশি দূর যেতে পারেননি তিনি। লিটন আউট হওয়ার পর বাংলাদেশও ইনিংস ঘোষণা করেছে।
আজ সোমবার (১২ অক্টোবর) আবুধাবি টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০৫.২ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এর আগে ১০৬ রানের লিডি নিয়ে দ্বিতীয় শুরু করেছিল বাংলাদেশ। ফলে সবমিলিয়ে টাইগারদের লিড দাঁড়িয়েছে ৪৭৮ রান।
মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে গতকাল বিকেলে যে লড়াই শুরু করেছিলেন লিটন দাস, সেটি চলল আজকের দুপুরের পর পর্যন্ত। চতুর্থ দিনের সকালটা কোনো উইকেট না হারিয়েই কাটিয়ে দেন তারা। ২৬ ওভার ব্যাট করে তোলেন ১১৪ রান।
প্রথমে সেশনে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির অপেক্ষা জাগিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলেন লিটন। বিরতি থেকে ফিরে সেটাকে পূর্ণতাও দিলেন তিনি। দারুণ ব্যাটিংয়ে টানা দুটি চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন লিটন। টেস্ট ক্যারিয়ারের এটি তার সপ্তম সেঞ্চুরি।
সেঞ্চুরি করার পর অবশ্য আর বেশি দূর যেতে পারেননি লিটন। দ্রুত কিছু রান তোলার পরিকল্পনা থেকে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এতে ভাঙে সপ্তম উইকেটে মিরাজের সঙ্গে তার সপ্তম ৪৯ রানের জুটি। যেটি বাংলাদেশকে চালকের আসনে বসিয়েছে।
মোহাম্মদ সালিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১৭ বল থেকে ১৪ চারের সাহায্যে ১০২ রান করেন লিটন। তিনি ফেরার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
এর আগে হাফসেঞ্চুরি তুলে নেন মেহেদী হাসান মিরাজও। লিটনকে সঙ্গ দিতে নেমে দারুণ ব্যাটিং করেছেন তিনিও। টেস্ট মেজাজে ব্যাটিং করে আফগান বোলারদের কোনো সুযোগ দেননি তিনি। টেস্ট ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৯৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে ৭২ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ৯২.৩ ওভারে ৩৪৬/১০ (তামিম ৮৩, সাদমান ৬৭, মুমিনুল ৩৯, শান্ত ২৯, মুশফিক ০, লিটন ৫৩, মিরাজ ২৪, হাসান ২, তাইজুল ৯, এবাদত ০, নাঈম ৩৫*; আহমাদজাই ২০.৩-৩-৭৯-৩, সালিম ২৩-২-৮২-৪, হাশমতুল্লাহ ৩-০-২৪-০, ইসমাত ১২.৪-৫-২০-২, জিয়া-উর-রহমান ১৯-১-৭৭-০, কাইস ১৪.২-১-৬০-১)
আফগানিস্তান প্রথম ইনিংস : ৮৯.১ ওভারে ২৪০/১০ (অটল ১৭, আব্দুল মালিক ৬২, শাহিদুল্লাহ ২০, হাশমতুল্লাহ ০, ইকরাম ৩২, ইসমাত ০, কাইস ০, জিয়া-উর-রহমান ০, ইয়ামিন ০, সালিম ০, রহমত ১০৫* ; হাসান ২১-৫-৫৫-৫, এবাদত ১৫.১-৩-৫৬-৪, মিরাজ ২১-৭-৪১-১, তাইজুল ২১-৪-৪৪-০, নাঈম ১০-০-৩৭-০, মুমিনুল ১-০-৬-০
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ১০৫.২ ওভারে ৩৭২/৭ (ইনিংস ঘোষণা) (সাদমান ১৩, মুমিনুল ৭, তামিম ৩১, শান্ত ৮২, মুশফিক ৮১, হাসান ০, লিটন ১০২, মিরাজ ৫২*; আহমাদজাই ২০-২-৯৬-২, সালিম ১৯.২-৩-৬৯-২, ইসমাত ৩-০-৯-০, জিয়া-উর-রহমান ৩৩-৪-৮৬-২, কায়েস ১৫-০-৭০-১, আব্দুল মালিক ৩-১-৯-০, হাশমতুল্লাহ ১২-০-৩২-০)
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
১ ঘন্টা আগে
২ ঘন্টা আগে
৩ ঘন্টা আগে
