শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মত বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত চলাচলের জন্য সারা দেশে ২০০টি বাস প্রস্তুত রেখেছে সংস্থাটি।
বৃহস্পতিবার বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি ও বাস সংরক্ষণের ব্যবস্থা থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মত ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করা হচ্ছে।
রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে জেলা ও আন্তজেলা রুটে এসব বাস চলাচল করবে।
গন্তব্যের মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম।
যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে।
বিশেষ বাস সার্ভিস সম্পর্কে তথ্য ও সহায়তার জন্য যাত্রীদের বিআরটিসির প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নম্বর ০২৪১০৫৩০৪২। এ ছাড়া ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা জানান, দুর্গাপূজা উপলক্ষে এবারই প্রথম বিশেষ বাস সার্ভিস চালু করেছেন তারা।
