ডলারের দরপতন ও শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরায় আন্তর্জাতিক বাজারে তামাসহ বিভিন্ন শিল্প ধাতুর দাম বেড়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) বার্ষিক সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। এর আগে ধাতুর বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার।
এলএমইতে গত শুক্রবার তিন মাস মেয়াদি তামার দাম দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি টনে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮০ ডলারে। চলতি বছরে এখন পর্যন্ত তামার দাম বেড়েছে ১৭ শতাংশ। পাঁচ সপ্তাহ আগে ধাতুটির দাম রেকর্ড ১৪ হাজার ৮৭৫ ডলারে উঠেছিল।
প্রযুক্তি খাতের শেয়ারে বড় দরপতনের পর শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ায় এর প্রভাব পড়েছে ধাতুর বাজারেও। তামা, দস্তা, অ্যালুমিনিয়াম ও টিনের ক্ষেত্রেও তাৎক্ষণিক সরবরাহ চুক্তির দাম তিন মাস পর সরবরাহ চুক্তির চেয়ে বেশি। বাজারের এ অবস্থাকে ‘ব্যাকওয়ার্ডেশন’ বলা হয়। এটি নিকটবর্তী সময়ে সরবরাহে ঘাটতির ইঙ্গিত দেয়।
ব্রোকারেজ প্রতিষ্ঠান মেরেক্সের ধাতুবাজার গবেষক ইয়ান রোপার বলেন, ‘যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে সম্ভাব্য শুল্ক আরোপের আগে দেশটিতে পরিশোধিত তামার চালান বেড়েছে। এতে চলতি বছর তামার সরবরাহে চাপ তৈরি হয়েছে। তবে ডিসেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রে পণ্য খালাসের সময়সীমা ঘনিয়ে আসবে। ফলে বছরের শেষ দিকে তামার দাম কমতে পারে। তখন যুক্তরাষ্ট্রের বাইরে অন্য বাজারে সরবরাহ বাড়ার সুযোগ তৈরি হবে।’
অন্যান্য ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি টন ৩ হাজার ১১ ডলার ৫০ সেন্ট হয়েছে। তবে ইন্দোনেশিয়ায় উৎপাদন বাড়লে এবং উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ স্বাভাবিক হলে ২০২৭ সালে বাজারে অ্যালুমিনিয়ামের উদ্বৃত্ত দেখা দিতে পারে।
এছাড়া দস্তার দাম দশমিক ৯ শতাংশ, নিকেলের দামও দশমিক ৯ এবং সিসা ও টিনের দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ।
