বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে রাজধানী ঢাকা ও কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই উদ্যোগের মূল উদ্দেশ্য জাত-ধর্মের ভেদাভেদ ভুলে লালনের অমর গান, অসাম্প্রদায়িক মানবতাবাদী দর্শন ও মানুষের আত্মোপলব্ধির ভাবনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।
লালন সাঁইয়ের জীবনাদর্শের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাঁর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ায় আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী বিস্তারিত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি আগামী ১৭ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে বিশেষ কেন্দ্রীয় স্মরণানুষ্ঠান।
সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এই স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। অনুষ্ঠানে লালন দর্শনের ওপর মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন বিশিষ্ট শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। এছাড়া আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হারুন-অর-রশীদ।
স্মরণানুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন দেশের প্রথিতযশা লালনসংগীতশিল্পীরা। এছাড়া লালনের গান পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা। ঢাকা ও কুষ্টিয়ার পাশাপাশি আগামী ১৭ অক্টোবর দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়েও বড় পরিসরে লালন সাঁইয়ের জীবন ও দর্শনভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।
