মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকস ইটভাটা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. শরিফুল ইসলাম (৩২) ও জাহিদুল ইসলাম (২১)। তাঁদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর ও বালিয়াডাঙ্গা এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স হাজী ব্রিকস ইটভাটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি বা টপসয়েল অবৈধভাবে কাটার অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মোট ৩ লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। তিনি জানান, কৃষিজমির উর্বর মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/
