নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদা দাবি , সংসদ সদস্যের দুঃখ প্রকাশ
প্রভাত সংবাদদাতা, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতার নাম আসাদুজ্জামান বিপ্লব। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, শুক্রবার দুপুরে নবীনগরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে মাইক্রোবাসটি থামিয়ে ইজারার টাকা দাবি করেন এক যুবক। সাংবাদিকরা নিজেদের জরুরি পরিষেবার আওতাভুক্ত উল্লেখ করে ইজারার টাকা থেকে অব্যাহতির কথা জানান তাকে। এ সময় ওই যুবক সাংবাদিকদের মাইক্রোবাস আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন।
পরে বিপ্লব এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারতে উদ্যত হন। এ সময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভীতি প্রদর্শনেরও চেষ্টা করেন তিনি।
ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। ইউএনও ও সংসদ সদস্য মহোদয় ইজারা বাতিলের কথা বলেছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, ‘সাংবাদিকের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারাদারের লোকজন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
সংসদ সদস্য আব্দুল মান্নান এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমার কোনো ভাতিজা নেই। আমি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিল করার জন্য বলছি।’
More News Of This Category

