ভারত থেকে ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ আসছে আজ
জার্নাল ডেস্কভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে আসছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)। চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো বাংলাদেশে আসবে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নেওয়া হবে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।
বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে প্রথম চালানে এসব কোচ আসছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা এলাকা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়। বর্তমানে সেগুলো ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে অবস্থান করছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে সেখান থেকে ছেড়ে ভারতের গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশে ঢোকার কথা রয়েছে।
দুপুর ১টার দিকে কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছাতে পারে।
তিনি আরও জানান, দর্শনায় কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর কোচগুলো সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কারখানায় নেওয়া হবে।
ভারতের রাইটস লিমিটেড নামের সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ এসব ব্রডগেজ রেলকোচ সংগ্রহ করছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পাদিত সর্বমোট ২০০টি ব্রডগেজ রেল কোচ সরবরাহের এ চুক্তির অধীনে প্রথম চালানে চার ধরনের মোট ১৮টি কোচ রয়েছে। এর মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ও বহুমুখী ব্যবহারের কথা মাথায় রেখে এ পাওয়ার কারগুলোর মধ্যে গার্ডদের জন্য আলাদা কামরা এবং সাধারণ যাত্রীদের মালামাল বা লাগেজ বহনের জন্য নির্দিষ্ট স্থানের সুব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
