ফুলপুর হাসপাতালে পাঁচ চিকিৎসক অনুপস্থিত, ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। উপস্থিতি খাতা যাচাই করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরীসহ পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পান তিনি।
হাসপাতালের প্রধানের নিয়মিত অনুপস্থিত থাকার অভিযোগেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। পরে তিনি বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও শৌচাগার ঘুরে দেখেন।
পরিদর্শনে রান্নাঘরের পাশে ময়লার স্তূপ, শৌচাগার ও গোসলখানার অপরিচ্ছন্নতা এবং ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা দেখতে পান তিনি। এ ছাড়া সরকারি বরাদ্দের টিকা ও ভ্যাকসিন যথাযথভাবে সংরক্ষণ না করে মেঝেতে ফেলে রাখা দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সতর্ক করেন এবং সেগুলো নিরাপদে সংরক্ষণের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এলেও শয্যাসংকট, জনবল ঘাটতি ও অপরিচ্ছন্নতার কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তাঁরা।
৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ সামলাতে শয্যাসংখ্যা বাড়িয়ে ১৫১ করার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সুবিধা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন।
পরিদর্শনকালে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সাদ মাহমুদ জয় এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

