The Sangbad · দেশ
ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশের বার্তা
১৭/১০/২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ কিংবা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে কোনো মানুষ যেন বৈষম্য, বঞ্চনা অথবা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই কথা বলেন। একই সঙ্গে তিনি দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশের সব সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।বাণীতে রাষ্ট্রপতি বলেন, "প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায়, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। অন্যায় ও অসত্য থেকে দূরে রেখে মুক্তির পথ দেখায়। দুর্গাপূজা বাংলাভাষী সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়। অন্যায়, অসত্য ও অমানবিকতার বিরুদ্ধে ন্যায় ও মানবতার চিরন্তন আহ্বান।"ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে মানবতার কল্যাণে নিবেদিত হওয়ার অনুরোধ জানান তিনি।আবহমান বাংলার ঐতিহ্য ও সম্প্রীতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি উল্লেখ করেন, "এ দেশের সনাতন সম্প্রদায় আবহমানকাল ধরে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করে আসছে। এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এর সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার সমাজ-সংস্কৃতি ও ঐতিহ্য। এ উৎসবে সমাজের সব স্তরের মানুষ সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হন এবং পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়।"তিনি আশা প্রকাশ করেন, এই উৎসবের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে।প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বাণীতে তিনি জানান, "সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মতো সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ের পরিচালনা, সংস্কার ও উন্নয়নেও সরকার সহায়তা দিচ্ছে।"একই সঙ্গে পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম জোরদারকরণ এবং ধর্মীয় কল্যাণমূলক অনুদান ও ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সব সম্প্রদায়ের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্ভয়ে, স্বাধীন ও নিরাপদ পরিবেশে আনন্দের সঙ্গে পালন করতে পারেন, সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।পরিশেষে দুর্গোৎসবের আনন্দ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "শারদীয় দুর্গোৎসব সনাতন সম্প্রদায়ের সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সব ভেদাভেদ ভুলে মানবতা, ন্যায় ও কল্যাণের বার্তা ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।"বাণীর শেষভাগে তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে-বিদেশে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।
মূল প্রতিবেদনে যান ↗