আজকাল ওয়েবডেস্ক: ভুবনেশ্বর কুমারের ভারতীয় টি-২০ দলে প্রত্যাবর্তন দল নির্বাচনে অভিজ্ঞতার গুরুত্ব ফের বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যেই জাতীয় দলে ফেরার দৌড়ে রয়েছেন মহম্মদ শামিও। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করলেও, জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে ভুবনেশ্বর এবং শামিকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন আর এক অভিজ্ঞ ক্রিকেটারকে ভারতের টি-২০ দলে ফেরানোর পক্ষে সওয়াল করলেন সুনীল গাভাসকর। তাঁর পছন্দ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অলরাউন্ডার ক্রুণাল পাণ্ডিয়া।
গাভাসকর বলেন, 'ক্রুণাল অসাধারণ ক্রিকেটার। আমাদের অন্যতম বুদ্ধিমান ক্রিকেটার। ও খুব বেশি বল ঘোরাতে পারে না। কিন্তু লাইন এবং লেন্থ দারুণভাবে বদলায়। ব্যাটারের মন পড়ে বল করে। প্যাড লক্ষ্য করে বল করে। আবার কখনও বাউন্সারও দেয়। ব্যাটারকে কীভাবে আটকাতে হবে, সেটা নিয়ে ও সব সময় পরিকল্পনা করে।' গাভাসকরের মতে, ব্যাটিং এবং ফিল্ডিংয়েও ক্রুণাল যথেষ্ট কার্যকর। সানি বলেন, 'ও একজন অসাধারণ ব্যাটার এবং দুর্দান্ত ফিল্ডারও। বিশ্বকাপ জিততে চাইলে বয়স নয়, যাঁরা দলকে বিশ্বকাপ জেতাতে পারবেন বলে মনে হয়, তাঁদেরই দলে রাখা উচিত।'
২০২১ সালে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ক্রুণাল। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি। তবে আইপিএলে বেঙ্গালুরুর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। ২০২৫ এবং ২০২৬ সালের আইপিএল জয়ী আরসিবি দলের সদস্য ছিলেন ক্রুণাল। শেষ মরশুমে ১৬ ম্যাচে ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর ব্যাট থেকে আসে ২২৬ রান।বয়সকে নির্বাচনের মাপকাঠি না করার পরামর্শ কিংবদন্তির। বরং, অভিজ্ঞতা এবং কার্যকারিতাকে গুরুত্ব দেওয়ার কথা জানান। গাভাসকর বলেন, 'বয়সের দিকে তাকানোর দরকার নেই। আইপিএলে খেললে তাঁরা ফিট, ঘরোয়া ক্রিকেট খেললেও ফিট। সেখানে পারফর্ম করলে ভারতীয় দলে নেওয়া উচিত। এভাবেই এগোনো উচিত।' ভুবি-সামিদের নিয়ে চর্চার মধ্যেই নিজের পছন্দের কথা জানিয়ে দেন সানি।
