ভালো শুরুর পরও প্রথমার্ধে বাংলাদেশের বিপক্ষে অনেক পিছিয়ে পড়ল মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সেটা যথেষ্ট হলো না অতিথিদের জন্য। শেষমেশ মালদ্বীপকে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে নাম লেখাল স্বাগতিক বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে লাল-সবুজের মেয়েরা এগিয়ে ছিল ১৬-৫ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ১৭ গোলের জবাবে মালদ্বীপ করে ১৫ গোল।
ছবি: ফিরোজ আহমেদ
একাই ৮ গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের মোসাম্মৎ সানজিদা আক্তার।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ যাত্রা শুরু করেছিল নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। পরের ম্যাচে অবশ্য শক্তিশালী ভারতের কাছে তারা হার মানে ৪৭-১৩ ব্যবধানে। ফাইনালে উঠতে হলে রাউন্ড রবিন লিগ পদ্ধতির প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে জিততেই হতো বাংলাদেশকে।
এমন বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপকে কোনো সুযোগ দেয়নি স্বাগতিক দল। কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার শিষ্যরা জিতেছে সহজেই।
আগামী বৃহস্পতিবার পরিবর্তিত সময় অনুযায়ী বিকাল ৩টায় আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। আর ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে আগামীকাল বুধবার দুপুর ২টায় মালদ্বীপ খেলবে নেপালের বিপক্ষে।
