ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন থেকে পাঁচ বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়। তাঁরা ভারতের জম্মু-কাশ্মিরের কোট ভালওয়াল কারাগারে বন্দি ছিলেন।
ভারতীয় পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা যুবকেরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে তাঁরা জম্মু-কাশ্মির এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে আদালতে পাঠায়। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
জম্মু-কাশ্মিরের আদালত তাঁদের তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগের পর বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের দেশে ফেরত পাঠায়।
ফেরত আসা ছয় যুবক হলেন মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল সবুর, মোহাম্মদ সাব্বির ইসলাম ও মোহাম্মদ হাফিজুর রহমান। তাঁরা বগুড়া, গাজীপুর, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি, বিএসএফ এবং দুই দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ছয় বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।
