প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এ শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় সাতক্ষীরার সাতটি উপজেলার ১ হাজার ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮ হাজার ১২১ জন শিক্ষার্থী অংশ নেবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ২৩৫টি বিদ্যালয়ের ১ হাজার ৮১১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। এ ছাড়া আশাশুনি উপজেলায় ১৬৯টি বিদ্যালয়ের ১ হাজার ৬২ জন, কলারোয়ায় ১৩৪টি বিদ্যালয়ের ১ হাজার ১৫০ জন, কালীগঞ্জে ১৫৭টি বিদ্যালয়ের ১ হাজার ৭১ জন, তালায় ২২৪টি বিদ্যালয়ের ১ হাজার ২১১ জন, দেবহাটায় ৬১টি বিদ্যালয়ের ৫৭৯ জন এবং শ্যামনগরে ২৩০টি বিদ্যালয়ের ১ হাজার ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত কার্যকর করতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
চার দিনে চার বিষয়ের পরীক্ষা, অধিদপ্তরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।
বৃত্তিপ্রাপ্তদের জন্য নির্ধারিত অনুদান, সংশোধিত নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৬০০ টাকা করে বৃত্তি পাবে। পাশাপাশি বছরে এককালীন ৪৫০ টাকা দেওয়া হবে। অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা এবং এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও শিক্ষা অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
The post সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর: ফি নেওয়া যাবে না appeared first on ভোরের চেতনা.
