মালয়েশিয়া প্রতিনিধি : ইসলামপন্থীদের পারস্পরিক কলহ, দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ইসলামপন্থীদের মধ্যে মতপার্থক্য ও গুরুতর বিরোধের জায়গাগুলো চিহ্নিত করে তা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেবল কথার মাধ্যমে কিংবা একে অপরের ওপর দায় চাপিয়ে এ সংকটের সমাধান সম্ভব নয়।
শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউএম) বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ইসলামপন্থীদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, বিবাদ ও আত্মঘাতী প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এ সংকটের সমাধানে এর গভীরে প্রবেশ করতে হবে, সমস্যার প্রকৃত কারণগুলো উপলব্ধি করতে হবে এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিরোধ রয়েছে। মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্য বজায় রাখার বহুল প্রচলিত নীতিÑ‘মতভিন্নতার সঙ্গে ঐক্য’ চর্চা করতে হবে। পাশাপাশি যেসব বিষয়ে গুরুতর বিরোধ রয়েছে, সেগুলো চিহ্নিত করে নিরসনের উদ্যোগ নেওয়া জরুরি।
ইসলামপন্থীদের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা ও ইসলামী চেতনার যে জাগরণ সৃষ্টি হয়েছে, তার পেছনে রয়েছে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দীর প্রচেষ্টা। এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হলে পারস্পরিক বিরোধ ও বিভেদ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। একই সঙ্গে ঐক্যবদ্ধ প্রচেষ্টার পথ তৈরি করতে হবে।
তিনি মনে করেন, মতপার্থক্যকে সংঘাতের কারণ না বানিয়ে তা মোকাবিলায় পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ইসলামপন্থীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংসদ সদস্য মাওলানা মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সালসহ মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।
