ছবির ক্যাপশন: .
রেজাউল করিম
নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন করলো দৌড়। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্টিত হয়। নতুন এই ডিজাইনের জার্সি পরেই আগামী দুই বছর আন্তর্জাতিক সব ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রশ্ন হলো কেমন হলো এবারের জার্সি? মান নিয়ে অবশ্য ধারণা দিয়েছেন দৌড়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদ আলম চৌধুরী। আগের থেকে কাপড়ে আনা হয়েছে পরিবর্তন। অর্থাৎ কাপড়ের মানও বেড়েছে।
খেলার সময় দ্রুত ঘাম শোষন করার ক্ষমতা আছে এমন ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে। বিশেষ করে এই ফ্যাব্রিকের জার্সি পড়েই ইউরোপের বড় বড় ক্লাবগুলো খেলে থাকে। এমনটাই আশ্বস্ত করেছে দৌড়। অন্যদিকে নতুন জার্সির থিম নিয়েও ধারণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। হোম জার্সি অর্থাৎ ঘরের মাটিতে যে জার্সি পড়ে খেলবেন হামজা-ঋতুপর্নারা সেটা সাদার ভেতরে লালের মিশ্রণ ও লাল শর্টস। জার্সির সামনে ও পেছনে আছে বাংলা বর্ণমালার জলছাপ। অর্থাৎ এই জার্সিটিতে বাংলা ভাষাকে প্রাধান্য দেয়া হয়েছে।
অন্যদিকে এওয়ে জার্সি অর্থাৎ দেশের বাইরে জাতীয় দলের ফুটবলাররা যে জার্সি পরে খেলবেন সেটাতে সুজলা-সুফলা বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের সাথে মিল রেখে সবুজ ও লালের মিশ্রণ রাখা হয়েছেন। আর বাংলাদেশের প্রধান শষ্য ধানের টেক্সারে ডিজাইন করা হয়েছে জার্সির দুপাশ। যেন দেখলেই মনে হবে, সবুজ ধানখেতের ভেতর সোনালী শষ্যভরা ক্ষেত।
