চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল না করলে কঠোর ও ধারাবাহিক আন্দোলন কর্মসূচির হুমকি দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা। এনসিটি দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত ও চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে আয়োজিত অনশন কর্মসূচি থেকে এ হুশিয়ারি দেওয়া হয়। গতকাল চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনের সামনে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এতে বন্দর রক্ষা কমিটির শীর্ষ নেতা, শ্রমিক নেতা ও সাধারণ কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ এবং ‘জাতীয়তাবাদী বন্দর রক্ষা কমিটি ও শ্রমিক দল’ যৌথভাবে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
সংগ্রাম পরিষদের নেতারা জানান, গত ৮ অক্টোবর জনমত সম্পূর্ণ উপেক্ষা করে এবং বন্দর ব্যবহারকারী কিংবা শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা না করেই একতরফাভাবে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তি স্বাক্ষরের খবরের পরপরই বন্দর এলাকায় তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে, যার ধারাবাহিকতায় চার দিনের মাথায় সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা রাজপথে নামেন।
গণ-অনশন কর্মসূচিতে শ্রমিক নেতারা অভিযোগ করেন, দেশের প্রধানতম বাণিজ্যিক প্রবেশদ্বারকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতি, ভৌগোলিক নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে চরম ঝুঁকিতে ফেলা হয়েছে। সরকার বন্দর পরিচালনায় আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করার কথা বললেও মূলত এটি একটি বিদেশি গোষ্ঠীর স্বার্থরক্ষার কৌশল।
