ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। নিহত দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অনুপ কুমার ও আনোয়ারুল আজিম মোটরসাইকেলে করে নরসিংদী থেকে সিলেটের দিকে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া এলাকায় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অনুপ কুমার নিহত হন। অপর আরোহী আনোয়ারুল আজিম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি আব্দুল হালিম আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
