কালবেলা · খেলাধুলা
পদত্যাগ চলছেই, বিওএ ছাড়লেন লিটি ও বাকী
১৫/১০/২০২৬

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পদ ছাড়ার মিছিল থামছে না। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পদত্যাগ করেছেন দুই নির্বাহী সদস্য ফরহাদ জেমিন লিটি ও আব্দুল্লাহেল বাকী।
এ নিয়ে এক সহসভাপতি, এক উপ-মহাসচিব ও ৬ সদস্য পদ ছাড়লেন। শুরুটা হয়েছিল মঙ্গলবার, তিনজনের পদত্যাগ দিয়ে। সহসভাপতি ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা এবং দুই সদস্য সাবেক ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিব জামিল পদত্যাগ করেছিলেন।
বুধবার হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ ও রোইং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলমের পদত্যাগের বিষয় নিশ্চিত করেছিলেন বিওএ কর্মকর্তারা। উপ-মহাসচিব পদ থেকে এমএ কুদ্দুস খানের পদত্যাগের কথাও জানা গেছে। বৃহস্পতিবারের দুজন মিলে তিন দিনে মোট ৮ জন বিওএ থেকে পদত্যাগ করলেন।
এদিন পদত্যাগ করা দুই সদস্য অলিম্পিয়ান ও অ্যাথলেট কমিশন কোটায় বিওএর সদস্য হয়েছিলেন। দুটি কোটায় সদস্য ছিলেন দুজন করে। ফলে সেই কোটায় এখন একজন করে সদস্য রইলেন। অলিম্পিয়ান কোটায় বিওএ নির্বাহী কমিটির সদস্য হয়েছিলেন শুটার আব্দুল্লাহেল বাকী ও স্প্রিন্টার শিরিন আক্তার। বিওএ অ্যাথলেট কমিশন থেকে দুই সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি ও গলফার সিদ্দিকুর রহমান।
বৃহস্পতিবার পদত্যাগ করা দুই সদস্য আব্দুল্লাহেল বাকী ও ফরহাদ জেসমিন লিটি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন। আগে যারা পদত্যাগ করেছেন, তারাও একই কারণ উল্লেখ করেছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗