জাতীয় পর্যায়ের সাপ্লাই চেইন গবেষণা প্রতিযোগিতায় আবারও সাফল্য অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (BIHRM) আয়োজনে অনুষ্ঠিত ‘সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ’-এর ষষ্ঠ আসরে সেরা দশে জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থীর দল ‘টিম গ্রিন লাইটস’।
দলটির সদস্যরা হলেন- সানিয়া আক্তার, খাদিজা চৌধুরী দীপা ও মো. সাইফুল ইসলাম। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চূড়ান্ত পর্বের সেরা দশে স্থান অর্জন করে দলটি।
প্রতিযোগিতায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ দলটির গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাপ্লাই চেইনবিষয়ক অ্যাকাডেমিক-বিজনেস জার্নাল ‘সাপ্লাই চেইন ইনসাইডার’-এ। পাশাপাশি করপোরেট খাতের মর্যাদাপূর্ণ এসিএসসিপি (ACSCP) প্রোগ্রামে স্কলারশিপ অর্জন করেছেন দলের সদস্যরা।
দলটির গবেষণার মূল বিষয় ছিল, সাপ্লাই চেইনে বিঘ্নতা ও স্বচ্ছতার ঘাটতি ভোক্তার আস্থাকে কীভাবে প্রভাবিত করে এবং ব্র্যান্ডের প্রতি ভোক্তার আনুগত্য তৈরিতে এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। ‘সরবরাহব্যবস্থায় বিঘ্ন ও স্বচ্ছতা: ব্র্যান্ডের প্রতি আনুগত্য গঠনে ভোক্তার আস্থার ভূমিকা’ শিরোনামের গবেষণাটিতে ৩৯৫ জন ভোক্তার ওপর জরিপ পরিচালনা করা হয়।
নিজেদের এই অর্জন সম্পর্কে দলের সদস্যরা বলেন, ‘স্নাতক পর্যায়ে পড়াশোনার সময় জাতীয় পর্যায়ের একটি গবেষণামূলক প্রতিযোগিতায় অংশ নেওয়া আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এই সাফল্য মার্কেটিং ও সাপ্লাই চেইন নিয়ে ভবিষ্যতে আরও গবেষণামূলক কাজ করার আত্মবিশ্বাস জুগিয়েছে।’
উল্লেখ্য, এর আগেও জাতীয় পর্যায়ের সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জের পঞ্চম আসরে সেরা দশে স্থান অর্জন করেছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম ডমিনেটরস’। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে প্রতিবছর বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
টিম গ্রিন লাইটসের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামুখী উদ্যোগ ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক অর্জনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
