মৌলভীবাজারের বড়লেখায় ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তৃতীয় ধাপে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কানাডা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ সাহেদ হোসেইনের সার্বিক সহযোগিতায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এতে সংগঠনের শিক্ষা সম্পাদক সাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা রাণী দত্ত।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী আহমদ হাসান পবিত্র কোরআন তিলাওয়াত এবং জয় দাস গীতা পাঠ করেন।
প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সাবেক সভাপতি দেলোয়ার হোসেন জয়নুল।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসী কমিউনিটি নেতা আবুল কালাম, হাবিব তাফাদার ও সুলতান আহমদ।
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা জুনেদ আহমদ, সংগঠনের সভাপতি শাহরিয়ার শাকিল,
সমাজসেবক সাইফুল ইসলাম জিবু, সহকারী শিক্ষিকা শাহনাজ বাহার ও কুলসুমা খানম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
তাঁরা জাগরণী ইসলামী তরুণ সংঘের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য কানাডা প্রবাসী মোহাম্মদ সাহেদ হোসেইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাগরণী ইসলামী তরুণ সংঘের সভাপতি শাহরিয়ার শাকিল বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংঘঠনটি,এরই ধারাবাহিকতায় সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। একটি খাতা, একটি কলম হতে পারে একটি শিশুর স্বপ্ন পূরণের প্রথম ধাপ। তাই আমাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকুক, প্রতিটি শিশুর হাতে পৌঁছে যাক শিক্ষার আলো।
