জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও দলীয় কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পুনর্গঠিত এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সারজিস আলমকে।
উপপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের দুই যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ। তাঁদের মধ্যে আদীব দক্ষিণাঞ্চল এবং জুনায়েদ উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৪ অক্টোবর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এ উপ-কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংহত ও কার্যকর করা, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং দলীয় কার্যক্রমের সমন্বয় ও সার্বিক ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে এ উপ-কমিটি গঠন করা হয়েছে।
সারজিস আলমের নেতৃত্বাধীন এ উপ-কমিটিতে দেশের বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে ঢাকা বিভাগের উত্তরের সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল্লাহ হায়দার এবং সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী। ঢাকা বিভাগের দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অপু।
চট্টগ্রাম বিভাগের দক্ষিণের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এ এস এম সুজাউদ্দীনকে। এ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাওয়াদুল করিম। চট্টগ্রাম বিভাগের উত্তরের সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৈকত।
রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমরান ইমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহদী। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন।
সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী কামরুল আরিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক। খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাহ।
বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ড. শামীম হামিদীকে। এ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাজী সালমান। ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মিরাজ মেহরাব তালুকদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা।
