নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আলোচিত তুহিন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালতে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর আবেদন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন জানান, মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। আমরা জামিন পুনর্নবীকরণের আবেদন জানালে আদালত সার্বিক বিবেচনায় জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে ১১ নম্বর আসামি করা হয়। মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি এবং সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, কায়সার হাসনাত, অয়ন ওসমান ও আজমেরী ওসমানসহ ৯৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে আদালতের আইনি প্রক্রিয়া শেষে বের হওয়ার সময় ডা. সেলিনা হায়াৎ আইভীকে রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। পরে তিনি মোটর শোভাযাত্রা নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
জেএইচআর
