ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৭টি পাটের গুদাম ও ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাট ও গুদাম ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ করেই দাউদাউ করে আগুন দেখতে পায় স্থানীয়রা। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারের ৭টি পাটের গুদাম ও একটি চায়ের দোকান এবং দুটি কাঁচামালের দোকান ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে পুড়ে যায়।
বাজারের ব্যবসায়ী কাসেদ মন্ডল জানান, রাত ৮টার দিকে হঠাৎ করেই পাটের একটি গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ৭টি পাটের গুদাম, একটি চায়ের এবং দুটি কাঁচামালের দোকান ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় তিন হাজার মণ পাট পুড়ে যায়; যার মূল্য প্রায় দুই কোটি টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভস্মীভূত হয়ে যায়। কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে।
