খুলনা জেলার তেরখাদা উপজেলায় ওয়ার্ড যুবদল সভাপতিকে গুলি করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে পেছন থেকে তাকে লক্ষ্য করে। দুর্বৃত্তদের ছোড়া গুলি তা পাঁজরে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত যুবদল নেতার নাম রামীম বিশ্বাস (৩২)
শনিবার (২৪ অক্টোবর) বেলা আনুমানিক সোয়া ১১ টায় এ ঘটনা মধুপুর ইউনিয়নের আয়নাল মোল্লার বাড়ির সামনে ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রামীম বিশ্বাস (৩২) ৬নং মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি। তার পিতার নাম হাবিবুর রহমান। সকালে সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামস্থ 'খান ব্রীকস'-এর নিকটবর্তী আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন রামীম। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে পেছন থেকে তাঁকে গুলি করে। দুর্বৃত্তদের ছোড়া গুলি তাঁর পাঁজরে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এ ঘটনার সংবাদ পাওয়া মাত্রই তেরখাদা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবির সিদ্দিক শুভ্র জানান, পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্তকরণসহ দ্রুত গ্রেপ্তারে সচেষ্ট আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি বজায় রয়েছে।
