ফ্রান্সের বেসানসোঁ শহরে বাংলাদেশ কমিউনিটি বেসানসোঁর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের ৪৮ রু বাত্তাঁ, ২৫০০০ বেসানসোঁ ঠিকানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপের অন্যতম ব্যবসায়ী সংগঠন সাহা গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন। এ ছাড়া উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আবু তাহের এবং সিনিয়র সাংবাদিক মামুন নয়ন, স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাবিব আহমেদ বাবু, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল রানা এবং গবেষক ও কলামিস্ট আহমেদ সোহেল বাপ্পী।
অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ ও শহর থেকে আগত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং বাংলা সংস্কৃতি চর্চার প্রসারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইউরোপের অন্যতম সংগীতশিল্পী মিষ্টি বিশ্বাসের সংগীত পরিবেশনা। তার সংগীত পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের জন্য অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
বেসানসোঁতে বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ সেবা চালুর দাবি
অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে ফ্রান্সের বেসানসোঁ শহরে বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালুর দাবি জানানো হয়। তাদের মতে, বেসানসোঁ ও আশপাশের শহরগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, কনস্যুলার সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় দাপ্তরিক কাজের জন্য দূতাবাসের সেবা গ্রহণ করতে নানা ধরনের যাতায়াতের সমস্যার মুখোমুখি হতে হয়।
এ অবস্থায় বেসানসোঁ শহরে নিয়মিত বিরতিতে বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ সেবা চালু করা হলে প্রবাসীরা সহজে ও কম সময়ে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এতে বিশেষ করে দূরবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিদের যাতায়াতের ভোগান্তি কমবে এবং দূতাবাসের সেবা গ্রহণ আরও সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।
প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সাহিত্য
সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসানসোঁতে এ ধরনের উদ্যোগ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ কমিউনিটি বেসানসোঁর অভিষেক ও সাংস্কৃতিক এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সাংগঠনিক কার্যক্রম এবং সাংস্কৃতিক সম্পৃক্ততার একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ সেবা চালুর দাবি প্রবাসীদের নাগরিক ও দাপ্তরিক সেবা সহজ করার বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে।
