সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা চিঠি দিয়ে দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকছে। আজ থেকে শুরু হয়ে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত এ বন্দর হয়ে বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময়ে উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা চিঠি দিয়ে দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ১৭ অক্টোবর শনিবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ভারতে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনও এ সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে ভারতীয় পক্ষকে তা জানিয়েছে। ফলে ২২ অক্টোবর পর্যন্ত ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। পরদিন ২৩ অক্টোবর শুক্রবার হওয়ায় কার্যত টানা সাত দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
ভোমরা কাস্টমসের দায়িত্বে থাকা কাস্টমস কমিশনার মুশফিকুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। ২৪ অক্টোবর থেকে আবার বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
