কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে জুনায়েদ আহমেদ (২০) নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত জুনায়েদ আহমেদ কুলিয়ারচর পৌরশহরের কামালিয়াকান্দি মহল্লার ফালু মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন। পাশাপাশি এলাকায় একজন ভালো ফুটবল খেলোয়াড় হিসেবে তার পরিচিতি ছিলেন। তিনি বাজরা ব্রাদার্স ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন।
এদিকে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুনায়েদের তিন দিন ধরে জ্বর ছিলো। একপর্যায়ে জ্বর কমে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ মাথা ঘোরার অনুভূতি হলে তিনি স্থানীয় একজন চিকিৎসকের শরণাপন্ন হন। ওই চিকিৎসক তাকে সরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
জুনায়েদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, বন্ধু ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ফুটবল মাঠে তার নেতৃত্ব ও ক্রীড়ানৈপুণ্যের জন্য স্থানীয় তরুণদের কাছে তিনি বেশ পরিচিত ছিলেন।
জানা গেছে, ডুমরাকান্দায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেওয়ার কথা ছিল জুনায়েদের। কিন্তু সেই ম্যাচে মাঠে নামার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মৃত্যুতে সতীর্থ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
একজন তরুণ ফুটবল খেলোয়াড় ও কর্মজীবী যুবকের মৃত্যুতে কুলিয়ারচরের স্থানীয় ক্রীড়াঙ্গনেও শোকের পরিবেশ বিরাজ করছে।
