চায়ের সঙ্গে বিস্কুট না হলে জমে না চায়ের আড্ডা। অনেকে আবার ছোট্ট খিদের মুখে এমনিই ভালোবাসেন বিস্কুট চিবোতে। কিন্তু বাজারচলতি বিস্কুটে অতিরিক্ত চিনি, ময়দা ও ফ্যাট থাকে। তাই রোজের খাদ্যতালিকায় বিস্কুট রাখতে চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর কিছু বিকল্প। রইল এমনই ৫টি সহজ রেসিপি।
১. ওটসের বিস্কুট
উপকরণ: ১ কাপ ওটস, ১টি পাকা কলা, ১ চা চামচ মধু (ইচ্ছেমতো), সামান্য দারচিনি গুঁড়ো।
প্রণালী: প্রথমে ওটস সামান্য গুঁড়িয়ে নিন। পাকা কলা ভাল করে চটকে তার সঙ্গে ওটস, মধু ও দারচিনি মেশান। মিশ্রণটি থেকে ছোট ছোট বিস্কুটের আকার তৈরি করে বেকিং ট্রেতে সাজিয়ে রাখুন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে ১৫-২০ মিনিট বেক করুন। ঠান্ডা হলে পরিবেশন করুন।
২. আটার বিস্কুট
উপকরণ: ১ কাপ গোটা গম ভাঙানো আটা, ২-৩ টেবিলচামচ গুঁড়ো চিনি, ৩ টেবিলচামচ ঘি/তেল, ২-৪ টেবিলচামচ দুধ, সামান্য এলাচ গুঁড়ো।
প্রণালী: পাত্রে আটা, গুঁড়ো চিনি ও এলাচ গুঁড়ো মেশান। তাতে ঘি বা তেল দিয়ে মাখুন। অল্প অল্প করে দুধ মিশিয়ে মণ্ড তৈরি করুন। মণ্ড বেলে পছন্দমতো আকারে কেটে নিন। ১৭০-১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১২-১৮ মিনিট বেক করুন। বিস্কুট সোনালি হলে ওভেন থেকে বের করে ঠান্ডা হতে দিন।
৩. কলা ও চিনাবাদামের বিস্কুট
উপকরণ: ১টি পাকা কলা, ৩-৪ টেবিলচামচ পিনাট বাটার, আধ কাপ ওটস।
প্রণালী: কলা চটকে তার সঙ্গে পিনাট বাটার ও গুঁড়ো করা ওটস মেশান। মিশ্রণটি থেকে ছোট ছোট বিস্কুট তৈরি করুন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১২-১৫ মিনিট বেক করুন। বিস্কুটের উপরিভাগ হালকা বাদামি হয়ে এলে নামিয়ে নিন।
৪. রাগির বিস্কুট
উপকরণ: ১ কাপ রাগির আটা, ২-৩ টেবিলচামচ গুড়ের গুঁড়ো, ৩ টেবিলচামচ ঘি, সামান্য এলাচ গুঁড়ো এবং প্রয়োজনমতো দুধ।
প্রণালী: রাগির আটা, গুড়ের গুঁড়ো ও এলাচ গুঁড়ো একসঙ্গে মেশান। তাতে ঘি দিয়ে ভাল করে মেখে নিন। অল্প অল্প দুধ মিশিয়ে মণ্ড তৈরি করুন। ছোট ছোট বিস্কুটের আকার দিয়ে বেকিং ট্রেতে সাজিয়ে রাখুন। ১৭০-১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১২-১৮ মিনিট বেক করুন। বিস্কুটগুলি ঠান্ডা হলে পরিবেশন করুন।

৫. বাদাম ও খেজুরের বিস্কুট
উপকরণ: আধ কাপ বাদাম গুঁড়ো, ৫-৬টি বীজ ছাড়ানো নরম খেজুর, ১টি ছোট কলা অথবা সামান্য দুধ, ১ চিমটি এলাচ গুঁড়ো।
প্রণালী: খেজুরগুলি গরম জলে কয়েক মিনিট ভিজিয়ে নরম করে নিন। এরপর মিহি করে বেটে নিন। তার সঙ্গে বাদাম গুঁড়ো, চটকানো কলা বা দুধ ও এলাচ গুঁড়ো মিশিয়ে মণ্ড তৈরি করুন। মিশ্রণ থেকে ছোট বিস্কুট তৈরি করে ১৭০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে পরিবেশন করুন।
